হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত প্রকাশিত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল অনুযায়ী, গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকান পার্টির পরাজয় এবং ডেমোক্র্যাট প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য মার্কিন রাজনীতির পরিবর্তনশীল প্রবণতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। বাহ্যিকভাবে এসব ফলাফলকে দুটি রাজনৈতিক দলের মধ্যকার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পরিণতি বলে মনে হলেও এর পেছনে মার্কিন সমাজের চিন্তাধারা, সামাজিক মূল্যবোধ এবং রাজনৈতিক অগ্রাধিকারের পরিবর্তনকেও উপেক্ষা করা যায় না।
এই বিজয়গুলো ইঙ্গিত দেয় যে, মার্কিন জনগণের একটি উল্লেখযোগ্য অংশ ট্রাম্পের রাজনৈতিক ধারা, তাঁর আগ্রাসী পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ বিভাজন এবং ধর্মীয় চরমপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব নিয়ে সন্তুষ্ট নয়। তবে এই নির্বাচনী পরিবর্তনকে ইভানজেলিক্যাল আন্দোলন কিংবা খ্রিস্টীয় ইহুদিবাদের অবসানের লক্ষণ হিসেবে বিবেচনা করা হবে রাজনৈতিক সরলীকরণ।
বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রে ‘ইভানজেলিক্যাল আন্দোলন’ কোনো একজন প্রেসিডেন্ট, একটি রাজনৈতিক দল কিংবা একটি নির্বাচনী প্রচারণার ওপর নির্ভরশীল নয়। ধর্মীয় প্রতিষ্ঠান, আর্থিক নেটওয়ার্ক, গণমাধ্যম, থিংক ট্যাংক, নির্বাচনী লবি এবং সরকারি কাঠামোর মধ্যে এই আন্দোলনের শিকড় এতটাই গভীর যে, হোয়াইট হাউসে ব্যক্তির পরিবর্তন ঘটলেই এর আদর্শিক ও সাংগঠনিক অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় না।
রিপাবলিকান পার্টি নির্বাচনে ক্ষতিগ্রস্ত হলেও এই আন্দোলন তার কার্যক্রম অব্যাহত রাখবে, নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করবে এবং ইসরায়েলের প্রতি সমর্থনকে নিজেদের ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অংশ হিসেবে ধরে রাখবে।
তাই মূল প্রশ্নটি এই নয় যে, নির্বাচনে কোন রাজনৈতিক দল বিজয়ী হলো; বরং প্রশ্ন হলো, মার্কিন সমাজ কি ধর্মীয় চরমপন্থা, যুদ্ধংদেহী মানসিকতা এবং ইহুদিবাদী পরিকল্পনাকে রাজনৈতিক ও নৈতিকভাবে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত? নির্বাচনের ফলাফল কি শুধু ক্ষমতার পালাবদলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ন্যায়বিচার, মানবাধিকার ও বিশ্বশান্তির পক্ষে বৃহত্তর চিন্তাগত পরিবর্তনেরও সূচনা করতে পারবে?
সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় এবং সিনেটের নিয়ন্ত্রণ অর্জন এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছেছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে জনগণের অসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনী ক্ষতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে একটি বিষয় বোঝা জরুরি, নির্বাচনী পরাজয় মানেই কোনো আদর্শিক আন্দোলনের পরাজয় নয়। ডেমোক্র্যাটদের বিজয় ট্রাম্প প্রশাসনের নীতির ওপর রাজনৈতিক বাধা সৃষ্টি করতে পারে, কিছু আগ্রাসী সিদ্ধান্তের গতি কমিয়ে দিতে পারে এবং ধর্মীয় চরমপন্থীদের প্রতি সরকারের অস্বাভাবিক পৃষ্ঠপোষকতা হ্রাস করতে পারে। কিন্তু এর মাধ্যমে ইভানজেলিক্যাল আন্দোলনের ধর্মীয় ও রাজনৈতিক পরিকল্পনা আপনা-আপনি শেষ হয়ে যাবে না।
এই আন্দোলন তার আর্থিক শক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, নির্বাচনী নেটওয়ার্ক এবং ইসরায়েলপন্থী লবিগুলোর মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাবে।
যেভাবে ইহুদি ইহুদিবাদ কোনো একজন মার্কিন প্রেসিডেন্ট কিংবা একটি রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল নয় এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের মধ্যেই এর সমর্থক ও প্রভাব বিস্তারকারী গোষ্ঠী রয়েছে, ঠিক তেমনি খ্রিস্টীয় ইহুদিবাদও তার আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখবে। পার্থক্য শুধু এতটুকু হতে পারে যে, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তাদের কৌশল পরিবর্তন করতে হবে।
তাই ডেমোক্র্যাটদের বিজয়কে এই আন্দোলনের অবসান হিসেবে দেখার পরিবর্তে এর রাজনৈতিক প্রভাব সীমিত করার একটি সম্ভাব্য সুযোগ হিসেবে বিবেচনা করাই অধিক বাস্তবসম্মত।
প্রকৃত প্রয়োজন হলো, মার্কিন সমাজে এমন শক্তিগুলোকে সুসংহত করা, যারা ধর্মকে যুদ্ধ, বর্ণবাদ, দখলদারত্ব ও রাজনৈতিক আধিপত্যের বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করবে। যারা ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ এবং ইহুদিবাদের রাজনৈতিক আগ্রাসনের মধ্যে পার্থক্য বুঝবে, খ্রিস্টধর্মকে যুদ্ধের পরিকল্পনার হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করবে এবং ফিলিস্তিনিসহ বিশ্বের সব নিপীড়িত জাতির মৌলিক মানবাধিকার রক্ষায় সোচ্চার হবে।
সমস্যা রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়; সমস্যা ন্যায়বিচার ও অবিচারের!
যুক্তরাষ্ট্রের নির্বাচনের এসব ফলাফল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। তবে বিশ্বরাজনীতির বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জটিল। রিপাবলিকানরা চলে গিয়ে ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসুক, প্রেসিডেন্ট পরিবর্তিত হোক কিংবা ক্ষমতার কেন্দ্রগুলোতে নতুন মুখের আবির্ভাব ঘটুক-এসবের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত মৌলিক কোনো পরিবর্তন আসবে না, যতক্ষণ না মার্কিন পররাষ্ট্রনীতির ভিত্তিতে বিদ্যমান সাম্রাজ্যবাদী মানসিকতা, ইহুদিবাদী স্বার্থের আধিপত্য এবং ধর্মীয় চরমপন্থার রাজনৈতিক ব্যবহারকে চ্যালেঞ্জ করা হয়।
এটিও মনে রাখা প্রয়োজন যে, ডেমোক্র্যাট পার্টির বিজয়কে ফিলিস্তিন, ইরান কিংবা প্রতিরোধ ফ্রন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক পরিবর্তনের নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা যায় না। যুক্তরাষ্ট্রের উভয় প্রধান রাজনৈতিক দলের ইতিহাসই ইসরায়েলের প্রতি সমর্থনের সাক্ষ্য বহন করে। তাই প্রকৃত মূল্যায়নের মানদণ্ড হওয়া উচিত রাজনৈতিক দলের পরিচয় নয়, বরং তাদের বাস্তব কর্মকাণ্ড।
যদি কোনো ডেমোক্র্যাট নেতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানান, যুদ্ধনীতির বিরোধিতা করেন এবং মার্কিন জনগণের করের অর্থ ধ্বংসযজ্ঞের পরিবর্তে মানবকল্যাণে ব্যয় করার দাবি তোলেন, তাহলে তাঁর এই অবস্থানকে সমর্থন করা উচিত।
একইভাবে, কোনো রিপাবলিকান নেতা যদি ধর্মীয় চরমপন্থা, ইহুদিবাদী আগ্রাসন এবং যুদ্ধংদেহী উন্মাদনার বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে তাঁর প্রতিও ন্যায়সংগত আচরণ করা উচিত।
কারণ, প্রকৃত বিভাজন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে নয়; বরং ন্যায়বিচার ও অবিচার, শান্তি ও যুদ্ধ এবং মানবিক মর্যাদা ও সাম্রাজ্যবাদী আধিপত্যের মধ্যে।
আজকের প্রয়োজন এই নয় যে, একটি ইহুদিবাদী লবির পরিবর্তে অন্য একটি লবিকে শত্রু মনে করে শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নিয়ে উল্লাস করা হবে। বরং প্রয়োজন হলো, মার্কিন সমাজের ভেতরে ন্যায়বিচারপন্থী কণ্ঠস্বরগুলোকে শক্তিশালী করা।
যুদ্ধবিরোধী আন্দোলন, মানবাধিকারকর্মী, স্বাধীন সাংবাদিকতা, ধর্মীয় উদারপন্থী এবং সমাজের এমন সব নাগরিক গোষ্ঠীকে একটি অভিন্ন মানবিক নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে হবে, যারা ধর্ম, বর্ণ কিংবা শক্তির নামে কোনো জাতির ওপর সংঘটিত অন্যায়কে মেনে নিতে রাজি নয়।
ইভানজেলিক্যাল আন্দোলনের প্রকৃত পরাজয় তখনই ঘটবে, যখন তাদের ধর্মীয় স্লোগানের আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক আগ্রাসন উন্মোচিত হবে। যখন মার্কিন জনগণ বুঝতে পারবে যে, হজরত ঈসা (আ.)-এর নাম ব্যবহার করে যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া খ্রিস্টীয় শিক্ষার মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থী। আর যখন মার্কিন রাজনীতিতে ইসরায়েলকে সমর্থন করাকে প্রশ্নাতীত জাতীয় কর্তব্য হিসেবে বিবেচনা করার ধারণা দুর্বল হয়ে পড়বে।
এ ধরনের চিন্তাগত ও নৈতিক পরিবর্তনই যেকোনো নির্বাচনী বিজয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী হতে পারে।
ইতিহাসের চূড়ান্ত মূল্যায়ন এ ভিত্তিতে হবে না যে, হোয়াইট হাউসে কে অবস্থান করেছিলেন; বরং এ ভিত্তিতে হবে যে, ক্ষমতাসীন ব্যক্তিরা নিপীড়িত মানুষের সঙ্গে কেমন আচরণ করেছেন এবং ন্যায়বিচারের দাবির সামনে কে মাথা নত করেছেন।
সম্ভবত বর্তমান মার্কিন নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে, ক্ষমতার পরিবর্তন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে; কিন্তু বিশ্বকে পরিবর্তন করতে হলে মানুষের মধ্যে ন্যায়বিচারের চেতনা জাগ্রত করা অপরিহার্য।
কারণ, ইহুদিবাদের মোকাবিলা শুধু কোনো একটি রাজনৈতিক দলের পরাজয়ের মাধ্যমে সম্ভব নয়; বরং সেই চিন্তাধারার পরাজয়ের মাধ্যমেই তা সম্ভব, যে চিন্তাধারা শক্তিকে ন্যায়, দখলদারত্বকে নিরাপত্তা এবং অত্যাচারকে ধর্মীয় পবিত্রতার মর্যাদা প্রদান করে।
বিশ্বের নতুন শাসকদের চেয়ে বেশি প্রয়োজন একটি নতুন রাজনৈতিক বিবেকের-এমন এক বিবেক, যা ইসরায়েল ও আমেরিকাসহ কোনো শক্তির সামনে সত্য কথা বলতে ভয় পাবে না। যার কাছে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো কোনো বিশেষ রাজনৈতিক দলের নির্বাচন কিংবা ক্ষমতায় আসার বিষয় নয়; বরং তা মানবতার নৈতিক দায়িত্ব।
আপনার কমেন্ট